অবৈধ ওয়াকি-টকি ব্যবহারে কঠোর সতর্কবার্তা বিটিআরসির

লাইসেন্সবিহীন ওয়াকি-টকি ও অন্যান্য বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও স্থাপনার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিটিআরসি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাইসেন্স ছাড়াই ব্যবহৃত ওয়াকি-টকি জব্দ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে।
বিটিআরসি জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী-২০২৬) অনুযায়ী যেকোনো ধরনের ওয়াকি-টকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন কিংবা পরিচালনার জন্য কমিশনের কাছ থেকে তরঙ্গ বরাদ্দ এবং বেতার যন্ত্রের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া এসব যন্ত্র ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।
এ প্রেক্ষাপটে ব্যবসাপ্রতিষ্ঠান, নিরাপত্তা সেবা প্রদানকারী সংস্থা, হোটেল, রেস্তোরাঁ, শপিং মলসহ সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক করেছে বিটিআরসি। সংস্থাটি জানিয়েছে, যথাযথ অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো ধরনের বেতার যন্ত্র বা ওয়াকি-টকি ব্যবহার করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ ও লাইসেন্সবিহীন বেতার যন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করলে প্রচলিত বিধান অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে এবং সুষ্ঠু বেতার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে বিটিআরসি।





